পুলিশের একটি দল সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর বাসার হঠাৎ অভিযান চালিয়ে পাঁচজন কর্মীকে আটক করেছে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার সন্ধ্যার পর নগরের সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পার্শ্ববর্তী যতরপুরে জেলা বিএনপির সভাপতির বাসার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় অবশ্য বাসায় তত্ত্বাবধায়ক ছাড়া আবুল কাহের চৌধুরী ও তাঁর পরিবারের সদস্য কেউ বাসায় ছিলেন না।
ঘটনার পরপরই ঘটনাস্থলে গেলে আশপাশের এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ গুলির শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে বিএনপি নেতা আবুল কাহের চৌধুরীর বাসায় একদল পুলিশ ঢুকে পাঁচজনকে আটক করে নিয়ে যায়।
জানতে চাইলে ঘটনাস্থলে থাকা সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপি নেতার বাসায় নাশকতার পরিকল্পনায় একটি বৈঠক হওয়ার খবর পেয়ে পুলিশ আগেই অবস্থান নেয়। এ সময় একদল যুবকের সঙ্গে পুলিশের বচসার জের ধরে পুলিশের ওপর হামলার চেষ্টা হয়। পরে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষে বিএনপি নেতার বাসায় ঢুকে পাঁচজন কর্মীকে আটক করা হয়। ওসি আটক পাঁচজনকে নাশকতার পরিকল্পনায় থাকা ব্যক্তিদের সঙ্গী বলে দাবি করেন।

ConversionConversion EmoticonEmoticon