http://www.ajkalerkhobor.com/rss.php?id=0

'পদ্মাবত' মুক্তির দিনে আতঙ্কে স্কুল বন্ধ!

আজ বৃহস্পতিবার ভারতজুড়ে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবত’। এই ছবি নিয়ে জল কম ঘোলা হয়নি। হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ এমনকি প্রাণহানিও। একদিকে এই ছবির মুক্তির আনন্দে সমর্থকেরা উচ্ছ্বসিত, অন্যদিকে সারা ভারতে এখন বিরাজ করছে চাপা উৎকণ্ঠা ও আতঙ্ক। রাজস্থান, গুজরাট ও মধ্যপ্রদেশের হল মালিকেরা ভয় পেয়ে ছবিটি তাঁদের হলে প্রদর্শন থেকে বিরত আছেন। আজ ভারতের গুরগাঁওয়ের কাছে একটি স্কুলবাসে হামলা করেছে করনি সেনার সদস্যরা। এ ছাড়া বিভিন্ন রাজ্যে উগ্রবাদীরা হামলা চালিয়েছে।



আজ বৃহস্পতিবার রাজস্থানের করনি সেনার কয়েকজন কর্মী শিক্ষার্থীদের একটি স্কুলবাসে ইট ছুড়ে হামলা চালায়। ভিডিওতে দেখা যায়, আতঙ্কে বাসে থাকা শিক্ষার্থীরা বাসের মেঝেতে বসে আছে। গুরগাঁও আর দিল্লির কয়েকটি স্কুল কর্তৃপক্ষ আজ আতঙ্কে স্কুল বন্ধ ঘোষণা করেছে। বাসে হামলার ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিসংযোগ, গাড়ি ও দোকান ভাঙচুরের জন্য এখন পর্যন্ত ভারত থেকে শতাধিক করনি সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের রাজধানী জয়পুরে করনি সেনার কর্মীরা ‘পদ্মাবত’ ছবি প্রদর্শনের প্রতিবাদে বাইক র‍্যালি বের করে। একটি দল হলের বাইরে পিকেটিং করতে থাকে, অন্যদিকে আরেক দল হলমুখী দর্শকদের হাতে গোলাপ দিয়ে ছবিটি না দেখার জন্য অনুরোধ জানায়।
Previous
Next Post »